ইউক্রেন সংকট সম্পর্কিত নিষেধাজ্ঞা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র
সেপ্টেম্বর ২৩: গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় কাউন্সিল এক ঘোষণায় জানায়, এমন ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ৩৬ মাসের জন্য তথা ২০২৯ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হবে, যারা "ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ণ বা হুমকির মুখে ফেলেছে"।
কাউন্সিল জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় বর্তমানে ৩,০০০-এরও বেশি ব্যক্তি ও সংস্থা রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ইইউ-র সদস্যরাষ্ট্রগুলোতে প্রবেশ বা ট্রানজিট করতে পারবে না; ইইউ-র অভ্যন্তরে তাদের সম্পদ জব্দ করা হবে; এবং ইইউ-র ব্যক্তি ও প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতাভুক্ত সংস্থাগুলোকে তহবিল বা অন্য কোনো অর্থনৈতিক সম্পদ সরবরাহ করা থেকে বিরত থাকবে।
অবশ্য, কাউন্সিল তিন জন ব্যক্তি, একটি সংস্থা এবং তিন জন মৃত ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। বিবৃতিতে বাদ দেওয়া নির্দিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলোর নাম উল্লেখ করা হয়নি।
ইইউ-র নথি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংকট তীব্র হওয়ার পর থেকে, ইইউ রাশিয়ার বিরুদ্ধে তার নিষেধাজ্ঞা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে এটি ২১তম দফার নিষেধাজ্ঞা। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি ও জ্বালানি রাজস্ব দুর্বল করা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও বাজারে তার প্রবেশাধিকার সীমিত করা, এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখা।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।