চীনের জাতীয় দিবসের ছুটিতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকএর সংখ্যা বৃদ্ধি ও প্রসঙ্গকথা

ঊর্মি
•
০৯ অক্টোবর, ২০২৬
চীনের জাতীয় দিবসের ছুটিতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকএর সংখ্যা বৃদ্ধি ও প্রসঙ্গকথা
চীনের জাতীয় দিবসের ছুটিতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকএর সংখ্যা বৃদ্ধি ও প্রসঙ্গকথা
শেয়ার

অক্টোবর ৮: ২০২৬ সালের জাতীয় দিবসের ছুটিতে চীনা পর্যটকরা দূর-দূরান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিদেশে ভ্রমণ করেন, অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশী পর্যটকরা চীনের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ইতিহাস প্রত্যক্ষ করতে এখানে আসেন।

 

ভিসামুক্ত নীতির ক্রমাগত সম্প্রসারণ, আন্তর্জাতিক বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি, এবং আন্তঃসীমান্ত লেনদেন আরও সুবিধাজনক হয়ে ওঠায়, আন্তঃসীমান্ত ভ্রমণের বাধা কমেছে। এবার জাতীয় দিবসের ছুটিতে, চীনা ও বিদেশী পর্যটকরা উভয় দিকে ভ্রমণ করেছেন, সাংস্কৃতিক ও পর্যটন বিনিময়ের মাধ্যমে একে অপরের সৌন্দর্য উপভোগ করেছেন, এবং ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে বন্ধুত্বের সুফল লাভ করেছেন। 

 

শ্যারন বেঞ্জামিন, একজন অস্ট্রেলীয় ব্যবসায়ী। তিনি একাধিকবার চীন সফর করেছেন। এবার জাতীয় দিবসের ছুটিতে নতুন কেনাকাটার পরিকল্পনা নিয়ে চীনে আসেন। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসার সাথে জড়িত। চীনের ভিসামুক্তনীতি তাকে যেকোনো সময় দু’দেশের মধ্যে যাতায়াতের সুযোগ করে দিয়েছে। এয়ার চীনের মেলবোর্ন শাখার তথ্যানুসারে, গত বছরের তুলনায় মেলবোর্ন থেকে বেইজিংগামী সরাসরি ফ্লাইটের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে; চীনে ভ্রমণ বিষয়ে অস্ট্রেলীয়দের অনুসন্ধানের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। 

 

চীনের ভিসামুক্ত নীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে, যা আরও বেশিসংখ্যক বিদেশী পর্যটককে 'চীন ভ্রমণে' আকৃষ্ট করছে। ভিসা প্রস্তুতির সময় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায়, চীনে ভ্রমণ আরও সুবিধাজনক হয়েছে। বিমানবন্দরের তথ্য থেকে দেখা যায় যে, ভিসামুক্ত সুবিধা ভোগকারী অনেক বিদেশী পর্যটক মাত্র কয়েক মিনিটের মধ্যেই কাস্টমস পার হয়ে যান। 

 

জাতীয় অভিবাসন প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক মধ্য-শরত উত্সবের ছুটিতে চীনা ও বিদেশী পর্যটকদের আগমন ও প্রস্থানের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৮ শতাংশ  বৃদ্ধি পেয়েছে; এদের মধ্যে, গত বছরের একই সময়ের তুলনায় বিদেশীর সংখ্যা ৩৭.৭ শতাংশ এবং ভিসা-মুক্ত প্রবেশের যোগ্য বিদেশীর সংখ্যা ৩২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ছুটির সময়ে একই সাথে আন্তঃসীমান্ত পারিবারিক ভ্রমণ, অবকাশকালীন পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। 

 

প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশব্যাপী সীমান্ত পরিদর্শক কর্তৃপক্ষ মোট ৪৯.৯ কোটি আগমনকারী ও বহির্গামী যাত্রীকে পরিদর্শন করেছে, যা গত বছরের তুলনায় ৮.৭ শতাংশ বেশি। এদের মধ্যে ৬ কোটি ১২ লাখ ৮৭ হাজার ছিলেন বিদেশী, যা গত বছরের তুলনায়  ১৯.৫ শতাংশ বেশি। চীনে প্রবেশকারী বিদেশীদের মধ্যে ২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ভিসা ছাড়াই প্রবেশ করেছেন, যা গত বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। ভিসা-মুক্ত নীতি বিদেশী পর্যটকদের চীন ভ্রমণের জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। 

 

চীন থেকে দূরে দক্ষিণ আমেরিকায় চীন ও ব্রাজিলের মধ্যে পর্যটন আদান-প্রদান আরও জোরদার হচ্ছে। চলতি বছরের প্রথম আট মাসে ব্রাজিল সফরকারী চীনা পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ইতোমধ্যেই ২০২৫ সালের পুরো বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।  

 

চীনের জাতীয় দিবসের ছুটির সময় বিশ্বজুড়ে পর্যটনের দ্বিমুখী প্রবাহ কেবল যাত্রী প্রবাহের তথ্যে নয়, বরং অসংখ্য সাক্ষাত্কার ও আদান-প্রদানের মাধ্যমেও প্রতিফলিত হয়। চীনা ও বিদেশী পর্যটকরা আন্তঃসীমান্ত ভ্রমণের মাধ্যমে, আরও নতুন গন্তব্য আবিষ্কার করেন, এবং বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করেন; একই সাথে তাদের ঘনিষ্ঠতা বাড়ার সাথে সাথে পারস্পরিক বোঝাপড়াও গভীর  হয়। পর্যটন চীন ও বিশ্বের মধ্যে সংযোগকারী একটি সেতুতে পরিণত হয়েছে।

 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত