যুক্তরাষ্ট্রের বাজারে বিদেশি উন্নত রোবোটিক সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ; চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ঊর্মি
৩০ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের বাজারে বিদেশি উন্নত রোবোটিক সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ; চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের বাজারে বিদেশি উন্নত রোবোটিক সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ; চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
শেয়ার

জুলাই ৩০: সম্প্রতি মার্কিন সরকার বিদেশি পাওয়ার ইনভার্টার ও উন্নত রোবোটিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বাজারে কার্যত বিক্রি নিষিদ্ধ করে যে নির্দেশ জারি করেছে, চীন তাতে ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। আজ (বৃহস্পতিবার), চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

 

তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করতে এবং এ ধরনের ভ্রান্ত কার্যকলাপ থেকে বিরত থাকতে আহ্বান জানায়। যদি যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্তে অটল থাকে, তবে চীন তার ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার্থে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

 

মুখপাত্র আরও বলেন, মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) কর্তৃক গৃহীত এ ধরনের পদক্ষেপ আদতে চীনা কোম্পানি ও পণ্যের বিরুদ্ধে বৈষম্যমূলক ও দমনমূলক আচরণ। এফসিসি এই ধরনের পদক্ষেপ এই প্রথমবার নেয়নি; এটি আগেও একাধিকবার অন্যান্য চীনা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেশ কিছুদিন ধরে, এফসিসি চীনের ক্রমাগত প্রতিবাদ উপেক্ষা করে, একের পর এক বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণ করেই চলেছে, যা চীনের বৈধ বাণিজ্যিক স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করছে, এবং বৈশ্বিক শিল্প-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। চীন এর তীব্র বিরোধিতা করে।

 

উল্লেখ্য, ইস্টার্ন টাইম অনুযায়ী গত ২৮ জুলাই, মার্কিন  ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এক ঘোষণায় জানায়, তারা বিদেশি পাওয়ার ইনভার্টার ও উন্নত রোবোটিক সরঞ্জামকে তাদের 'কভারেজ লিস্ট'-এ যুক্ত করবে। এই পণ্যগুলোর নতুন মডেলগুলো এফসিসি সার্টিফিকেশন পাবে না এবং মার্কিন বাজারে এগুলোর বিক্রি নিষিদ্ধ করা হবে। 

 


সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত