যুদ্ধ-সংঘাতে মানবিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে চীনের আহ্বান
এপ্রিল ৯: গতকাল (বুধবার) জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই, মানবিক কর্মী ও জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা সুরক্ষাবিষয়ক নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত সভায় বলেন, মানবিক কর্মী ও জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সমাজের উচিত ঐক্যবদ্ধ হয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
সুন লেই বলেন, বর্তমানে বিশ্ব সংঘাতে জর্জরিত; মধ্যপ্রাচ্য, লেবানন, সুদান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রসহ বিভিন্ন অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। অগণিত বেসামরিক নাগরিক যুদ্ধ ও দুর্যোগের ছায়ায় আচ্ছন্ন; তাঁরা বাস্তুচ্যুত ও ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। মানবিক কর্মীরা সংঘাতপূর্ণ অঞ্চলে জীবনের সেতুবন্ধন তৈরি করছেন, অন্যদিকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করছেন জাতিসংঘ ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। এমনকি, নিজেদের জীবনও উত্সর্গ করছেন। দুর্ভাগ্যবশত, সংঘাত চলাকালীন মানবিক কর্মী ও জাতিসংঘের কর্মীরা আক্রমণের শিকার হন ও হচ্ছেন।
তিনি আরও বলেন, মানবিক কর্মী ও জাতিসংঘের কর্মীদের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু করা যাবে না এবং মানবিক সহায়তাকে ইচ্ছাকৃতভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। এগুলো আন্তর্জাতিক মানবিক আইনের সর্বজনস্বীকৃত মৌলিক নীতি, যা কোনোভাবেই চ্যালেঞ্জ করা যায় না। আন্তর্জাতিক মানবিক আইনের যেকোনো লঙ্ঘনের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং তা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না।
তিনি জোর দিয়ে বলেন, চীন সর্বদাই আন্তর্জাতিক শান্তি ও মানবিক কর্মকাণ্ডের একজন দৃঢ় সমর্থক ও সক্রিয় অবদানকারী এবং মানবিক কর্মী ও জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা রক্ষায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে সকল পক্ষের সাথে কাজও করতে ইচ্ছুক।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।