শাংহাই পরিদর্শনে জনকেন্দ্রিক নগর উন্নয়নে গুরুত্বারোপ সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের

ঊর্মি
১৬ জুলাই, ২০২৬
শাংহাই পরিদর্শনে জনকেন্দ্রিক নগর উন্নয়নে গুরুত্বারোপ সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের
শাংহাই পরিদর্শনে জনকেন্দ্রিক নগর উন্নয়নে গুরুত্বারোপ সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের
শেয়ার

জুলাই ১৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক সি চিন পিং গতকাল (বুধবার) শাংহাই সফর করেছেন। সফরকালে তিনি একটি কমিউনিটি সেবা কেন্দ্র, প্রবীণদের আবাসন এবং কমিউনিটি পার্টি ও গণসেবা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে পার্টির সদস্য, স্থানীয় ক্যাডার এবং বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের সময় জনকেন্দ্রিক নগর উন্নয়ন ধারণা বাস্তবায়ন এবং উচ্চমানের নগর নবায়ন ত্বরান্বিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রেসিডেন্ট সি।

 

সি চিন পিং শাংহাইয়ের হুয়াংপু জেলার পানসুংইউয়ান রোড উপজেলার একটি আবাসিক এলাকা পরিদর্শন করেন। ভবনগুলো পুরনো হওয়ায় একসময় সেখানে অধিকাংশ বাসায় নিজস্ব স্যানিটেশন ব্যবস্থা ছিল না। একাধিক পরিবারকে একটি বাথরুম ব্যবহার করতে হতো। নগর নবায়ন প্রকল্পের আওতায় এখন প্রতিটি বাসায় পৃথক রান্নাঘর ও বাথরুম নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জামও স্থাপন করা হয়েছে, ফলে বাসিন্দারা সংস্কারের পরপরই সেখানে বসবাস শুরু করতে পেরেছেন।

 

সি চিন পিং বলেছেন, নগর উন্নয়ন একটি পদ্ধতিগত প্রকল্প। এ কাজে সফল হতে হলে নগরায়ণের নতুন বাস্তবতা, সংস্কার ও উন্নয়নের নতুন চাহিদা এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনা ও বাস্তবায়ন এগিয়ে নিতে হবে।

 

শাংহাইয়ের গৃহায়ন এবং নগর-গ্রামীণ উন্নয়ন বিভাগের পরিচালক ওয়াং চেন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নগর নবায়নকে কেন্দ্র করে শহরের অভ্যন্তরীণ উন্নয়ন জোরদার করা হয়েছে। ‘শৌচাগার সংস্কার’ প্রকল্প প্রায় সম্পন্ন হয়েছে, নগর গ্রামের সার্বিক পুনর্গঠন শুরু হয়েছে এবং পুরনো আবাসিক এলাকাগুলোর সংস্কার দ্রুত এগিয়ে চলছে। একই সঙ্গে ‘এক বিছানা, এক কক্ষ, এক অ্যাপার্টমেন্ট’ ভিত্তিক সাশ্রয়ী ভাড়ার আবাসন ব্যবস্থাও উন্নত করা হয়েছে, যাতে নতুন যুগের নগর নির্মাতা ও কর্মীদের আবাসনের চাহিদা পূরণ করা যায়।

 

সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের এবারের শাংহাই সফর অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় নগর কর্ম সম্মেলনের প্রথম বার্ষিকী উপলক্ষে। গত এক বছরে বিভিন্ন অঞ্চল ও বিভাগ পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে উচ্চমানের নগর উন্নয়ন এগিয়ে নিতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জন করেছে তারা।

 

আবাসন ও নগর-গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের নগর নির্মাণ বিভাগের উপপরিচালক ওয়াং খাইফেং জানান, ২০২৫ সালের মধ্যে চীনজুড়ে ২৭ হাজার ১০০টি পুরনো আবাসিক এলাকা সংস্কার করা হয়েছে, যার সুফল পেয়েছে প্রায় ৪৯ লাখ ৯০ হাজার পরিবার।

 

তিনি আরও বলেন, আবাসিক এলাকাই মানুষের দৈনন্দিন জীবনের ভিত্তি এবং নিরাপদ ও সুখী জীবনের স্বপ্নের প্রতীক। সাধারণ সম্পাদক সি চিন পিং সবসময় জনগণের জীবনমান উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন এবং একাধিকবার পুরনো আবাসিক এলাকা পরিদর্শন করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

 

ওয়াং খাইফেং আরও বলেন, আমরা সাধারণ সম্পাদক সি’র গুরুত্বপূর্ণ নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবো, নগর সংস্কার কাজের সমস্ত দিক আরও গভীর, পরিমার্জিত ও সুসংহত করবো,  এবং বাসিন্দাদের প্রাপ্তি, সুখ ও নিরাপত্তাবোধ আরও বাড়াব।

 

শাংহাই হলো চীনের কমিউনিস্ট পার্টির জন্মস্থান। চলতি বছরের ‘১ জুলাই’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির পর এটিই ছিল সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের প্রথম শাংহাই সফর। এ সময় তিনি পার্টির সদস্য ও ক্যাডারদের প্রতিষ্ঠাকালীন আদর্শ অটুট রাখা, জনগণের সেবায় নিবেদিত থাকা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত