সিঙ্গাপুরে লি ছিয়াং-লরেন্স ওং বৈঠক
অক্টোবর ২৬: স্থানীয় সময় গতকাল (শনিবার) চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, সিঙ্গাপুরের সংসদভবনে, সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সাথে এক বৈঠকে মিলিত হন।
এ সময় লি ছিয়াং বলেন, এই বছরের জুনে বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সাথে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক চীন-সিঙ্গাপুর সম্পর্কের পরবর্তী পর্যায়ের পথ নির্দেশ করেছে। চীন দুই দেশের নেতাদের কৌশলগত নির্দেশনা অনুসরণ করতে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মূল আকাঙ্ক্ষাকে সমর্থন করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে উন্নত করতে, রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার করতে, ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ করতে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত গভীর ও বাস্তব উন্নয়নের জন্য সিঙ্গাপুরের সাথে কাজ করতে ইচ্ছুক। সম্পর্কের উন্নয়ন দু'দেশের আধুনিকীকরণের লক্ষ্যে আরও ভালোভাবে কাজ করবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে আরও বেশি অবদান রাখবে।
লি ছিয়াং উল্লেখ করেন, চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি 'পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা' পর্যালোচনা ও অনুমোদন করেছে, যা আগামী পাঁচ বছর এবং তার পরেও চীনের উন্নয়নের জন্য শীর্ষ-স্তরের নকশা এবং কৌশলগত নীলনকশা প্রদান করে।
তিনি বলেন, চীন সিঙ্গাপুরের সাথে উন্নয়নের সমন্বয় জোরদার করতে, চীন-সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সহযোগিতা ব্যবস্থার পূর্ণ ভূমিকাপালন নিশ্চিত করতে, দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগের ইতিবাচক প্রবৃদ্ধির গতি বজায় রাখতে, সুচৌ শিল্প পার্ক এবং থিয়ানচিন প্রাকৃতিক পরিবেশ শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রকল্পগুলোকে আরও উন্নত ও শক্তিশালী করতে, ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন শক্তি ও জৈব চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে, এবং তৃতীয় পক্ষের সহযোগিতা সক্রিয়ভাবে সম্প্রসারণ করতে ইচ্ছুক।
জবাবে ওং চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, সিঙ্গাপুর 'এক-চীন নীতি' মেনে চলে এবং 'তাইওয়ানের স্বাধীনতা'-এর দৃঢ় বিরোধিতা করে। সিঙ্গাপুর চীনের সাথে উচ্চ-স্তরের বিনিময় জোরদার করতে, বড় প্রকল্পগুলো এগিয়ে নিতে, সহযোগিতার জন্য নতুন উন্নয়ন ক্ষেত্র তৈরি করতে, এবং জনগণের সাথে জনগণের বিনিময় প্রচার করতে ইচ্ছুক। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগগুলোকে সমর্থন করে, মুক্ত বাণিজ্য রক্ষা এবং বহুপাক্ষিকতা বজায় রাখতে চীনের সাথে কাজ করতে সিঙ্গাপুর ইচ্ছুক বলেও জানান তিনি।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।